রবিবার, ৭ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩


বাংলাদেশে ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টস

খেলা ডেস্ক

প্রকাশিত:৭ জুন ২০২৬, ১৩:১২

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে ফিফা বিশ্বকাপ দেখতে পারবেন কি না, সেই অনিশ্চয়তার অবশেষে সমাধান হয়েছে। টুর্নামেন্টের সব ম্যাচ এখন থেকে সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে।

এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে।

সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানি স্প্রিংবক প্রাইভেট লিমিটেড প্রাথমিকভাবে ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে, স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হওয়ার পর কোম্পানিটি চুক্তি থেকে সরে আসে।

ফলে, টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকতে বাংলাদেশের কার্যত কোনো সম্প্রচারকারীই ছিল না।

সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) সভাপতি তাবিত আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জানা গেছে, তারা যৌথভাবে বিভিন্ন স্পোর্টস চ্যানেল, জাতীয় গণমাধ্যম সংস্থা, টেলিকম অপারেটর এবং বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেছিল। একই সঙ্গে, তারা ডিজিটাল ও টেলিযোগাযোগ খাতের মধ্যে আয়ের নতুন উৎস চিহ্নিত করে, যা পূর্ববর্তী কোনো বিশ্বকাপে ব্যবহার করা হয়নি।

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো শুধুমাত্র সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে সম্প্রচার করা হবে। এছাড়া, দর্শকরা বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের স্ট্রিমিং সার্ভিস বায়োস্কোপের মাধ্যমে ডিজিটালভাবে ম্যাচগুলো দেখতে পারবেন।

আরও জানা গেছে যে, এই সম্প্রচারের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার সংস্থা বিটিভিকে কোনো আর্থিক ব্যয় বহন করতে হবে না। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো এবং টেলিকম অপারেটররা যৌথভাবে সম্পূর্ণ সম্প্রচার ব্যয় বহন করবে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়