মঙ্গলবার, ২রা জুন ২০২৬, ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে যুদ্ধ অত্যাসন্ন বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদী।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলে যুক্তরাষ্ট্র ও ইরান গত ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর দুই দেশ আলোচনা শুরু করে।
তবে সাম্প্রতিক সময়ে এই আলোচনা থমকে গেছে। এতে নতুন করে আবারও যুদ্ধের শঙ্কা ঘনীভূত হচ্ছে।
যুদ্ধ যে কোনো সময় বাধতে পারে এমন হুঁশিয়ারি দিয়ে ইরানের এ কমান্ডার বলেছেন, “যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ আত্মসমর্পণ চায় এবং ইরান জাতি কখনো আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ অত্যাসন্ন।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি না হয়, তাহলে ইরানে ফের সামরিক অভিযান শুরুর জন্য প্রস্তুত আছে মার্কিন বাহিনী। যুক্তরষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত শনিবার এই হুমকি দেন।
যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ‘ধৈর্য’ রেখে চলছেন যেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘ভালো চুক্তি’ হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।
কিন্তু যদি শেষ পর্যন্ত চুক্তি না হয়, তাহলে ইরানে ফের হামলার জন্য সব ধরনের উপকরণ যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে উল্লেখ করে হেগসেথ বলেন, “প্রয়োজনে ফের কাজ শুরু করার ব্যাপারে আমাদের সক্ষমতা এবং প্রস্তুতির কোনো ঘাটতি নেই। (সম্ভাব্য হামলার জন্য) যত অস্ত্র-গোলাবারুদ প্রয়োজন, তার চেয়েও বেশি (অস্ত্র-গোলাবারুদ) আমাদের মজুত আছে। অস্ত্র-গোলাবারুদ এবং সামরিক শক্তিতে আমরা এখন খুব ভালো অবস্থায় আছি।”