শনিবার, ৬ই জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হলেও এ খাতে বরাদ্দের হার ধারাবাহিকভাবে কমছে।
শনিবার (৬ জুন) ব্র্যাক ইন সেন্টারে সিপিআরডি, এইচইকেএস এবং সুশীলনের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশে জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য অর্থায়ন শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ অভিযোজন অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হলেও প্রয়োজনীয় অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি। স্বাস্থ্য খাতের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এইচএনএপি) অনুযায়ী, জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আগামী পাঁচ বছরে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে।
অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের মোট বাজেটের মধ্যে জলবায়ু-সম্পর্কিত বরাদ্দ ২০২১-২২ অর্থবছরে ছিল ২ দশমিক ৭৪ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৯৭ শতাংশে। একই সময়ে জাতীয় জলবায়ু বাজেটে স্বাস্থ্য খাতের অংশও প্রায় ২ দশমিক ৫ শতাংশ থেকে কমে ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।
বক্তব্যে বাংলাদেশশের সুইজারল্যান্ড দূতাবাসের গভর্ন্যান্স, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শিরিন সুলতানা লিরা বলেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ে প্রমাণভিত্তিক তথ্যকে কার্যকর নীতি ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করা জরুরি। স্বাস্থ্য খাতে জাতীয় বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অধিক অর্থায়ন নিশ্চিত করা দরকার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব ড. শাহ আবদুল সাদি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সংগ্রহের জন্য শক্তিশালী জলবায়ু-যুক্তি উপস্থাপন অপরিহার্য। বৈশ্বিক অভিযোজন অর্থায়ন এক বছরে ২০০ কোটি মার্কিন ডলার কমেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জলবায়ু বাজেট ট্যাগিং ব্যবস্থাকে আরও সুস্পষ্ট করা এবং খাতভিত্তিক মালিকানা ও সম্পদ সংগ্রহ জোরদার করার প্রয়োজন রয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য উন্নয়ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. ইকবাল কবির বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের মাত্র ৫ শতাংশ স্বাস্থ্য খাতে আসে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাব শক্তিশালী অর্থায়ন প্রস্তাব ও তথ্যনির্ভর নীতি প্রণয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইআরডির অতিরিক্ত সচিব ও ইউএন উইং প্রধান এ কে এম সোহেল বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখনো উন্নয়ন পরিকল্পনায় পুরোপুরি মূলধারায় অন্তর্ভুক্ত হয়নি। ফলে নানা উদ্যোগ বিচ্ছিন্নভাবে বাস্তবায়িত হচ্ছে। বৈশ্বিক জলবায়ু অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে বিদ্যমান সম্পদ ও অর্থায়নের সুযোগ সর্বোচ্চ দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে।