শনিবার, ৬ই জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য গণমুখী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৬ জুন) রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য অংশ নেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতি বিষয়ক জ্ঞান এবং সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে সংসদ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। জাতীয় বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে যথাযথভাবে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তারা সংসদীয় রীতিনীতি, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংসদ সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালার বিভিন্ন সেশনে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতিনির্ধারকরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেশনগুলোতে বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, জনকল্যাণমূলক বাজেট প্রণয়ন এবং জাতীয় বাজেট বিশ্লেষণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।
বিশেষজ্ঞরা সংসদ সদস্যদের জাতীয় বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে জনগণের দাবিগুলো সংসদে যৌক্তিকভাবে উপস্থাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দেশ, জাতি ও জনগণের কল্যাণে জাতীয় সংসদে সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।